পাবনার ফরিদপুরে সাকিবুল (১৩) নামে এক কিশোরকে হত্যা করে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় ইমন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধানুয়াঘাটা গ্রাম থেকে নিহত সাকিবুলের অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের অভিযান; অটোভ্যান কেনার অভিযোগে ব্যবসায়ীও আটক
পাবনার ফরিদপুরে সাকিবুল (১৩) নামে এক কিশোরকে হত্যা করে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় ইমন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধানুয়াঘাটা গ্রাম থেকে নিহত সাকিবুলের অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় ছিনতাই হওয়া অটোভ্যান কেনার অভিযোগে মুক্তার হোসেন নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।নিহত সাকিবুল পাবনার ফরিদপুর উপজেলার রতনপুর গ্রামের হারিছ প্রামাণিকের ছেলে। আটক ইমন হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার কালিয়াকৈর গ্রামের শাহ আলমের ছেলে। বর্তমানে তিনি ফরিদপুর উপজেলার দিঘুলিয়া গ্রামে বসবাস করতেন বলে জানা গেছে।
বড়াল নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত রবিবার সকালে অটোভ্যান নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সাকিবুল। সে ডেমরা-ফরিদপুর সড়কে যাত্রী পরিবহন করততবে রবিবার দুপুরের পর থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামের উত্তরে বড়াল নদীতে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি সাকিবুলের বলে শনাক্ত করেন।পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে সাকিবুলের মাথায় আঘাতের গুরুতর চিহ্ন পাওয়া যায়। একই সঙ্গে তার অটোভ্যানটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পুলিশের প্রাথমিক ধারণা, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা
এ ঘটনায় নিহতের বাবা হারিছ উদ্দিন রবিবার রাতে ফরিদপুর থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।মামলার পর ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশ অভিযান শুরু করে। তদন্তের একপর্যায়ে সোমবার ইমন হোসেনকে আটক করা হয়।পরে তাকে সঙ্গে নিয়ে উপজেলার ধানুয়াঘাটা গ্রামে অভিযান চালিয়ে সাকিবুলের ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় অটোভ্যানটি কেনার অভিযোগে ধানুয়াঘাটা গ্রামের ব্যবসায়ী মুক্তার হোসেনকেও আটক করা হয়েছে।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ
ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইমন হোসেনকে আটক করা হয়েছে। তাকে মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। একই সঙ্গে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং ঘটনার প্রকৃত কারণ কী—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।এদিকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আটক ও অটোভ্যান উদ্ধারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে।